Tag: পল্লবী

  • ভোরের নীরবতা ভেঙে পল্লবীতে গুলির শব্দ: মুদি দোকানদারকে গুলি করে টাকা লুট

    ভোরের নীরবতা ভেঙে পল্লবীতে গুলির শব্দ: মুদি দোকানদারকে গুলি করে টাকা লুট

    এবিএনএ: রাজধানীর পল্লবী এলাকায় ভোররাতে সশস্ত্র হামলার শিকার হয়েছেন এক মুদি দোকানদার। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মুহাম্মদ হোসেন দীপু (৪৬)। হামলার পর তার কাছে থাকা নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

    ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

    দীপুর স্ত্রী আফরোজা জানান, ভোরের দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের একটি বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন তার স্বামী। এ সময় তিনজন অজ্ঞাত পরিচয়ের মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর অংশে লাগে। এরপর দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

    বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দীপুর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

    এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৃথক দুটি টিম পাঠিয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দ্রুত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

  • মিরপুরে যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে খুঁজছে পুলিশ

    মিরপুরে যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে খুঁজছে পুলিশ

    এবিএনএ: রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের সি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে তিনজন অস্ত্রধারী এসে দোকানের ভেতরে ঢুকে মাথা, বুক ও পিঠে টার্গেট করে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, নিহত কিবরিয়া যুবদলের স্থানীয় নেতা ছিলেন। কারা এই হত্যাকাণ্ডে জড়িত ও কেন তাকে টার্গেট করা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

    ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, প্রাথমিক পর্যায়ে একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আশপাশের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

  • পাঁচ কোটি টাকার চাঁদা না পেয়ে পল্লবীতে গুলি ও হামলা, গ্রেপ্তার তিন সন্ত্রাসী

    পাঁচ কোটি টাকার চাঁদা না পেয়ে পল্লবীতে গুলি ও হামলা, গ্রেপ্তার তিন সন্ত্রাসী

    এবিএনএ: রাজধানীর পল্লবী এলাকায় আবাসন প্রতিষ্ঠানকে লক্ষ করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা ও গুলি চালিয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের নাম—মামুন মোল্লা, মোহাম্মদ রায়হান ও নিলয় হোসেন বাপ্পী। শনিবার রাতে পল্লবী থানা পুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    প্রতিষ্ঠানটির নাম এ কে বিল্ডার্স। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় প্রতিষ্ঠানটিতে ৩০-৩৫ জনের একটি দল প্রবেশ করে হঠাৎই হামলা চালায়। তাদের মধ্যে কেউ চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শনিবার রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

    পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ, যাতে ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা যায়।

    পুলিশ বলছে, এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। চাঁদা আদায় করতে ব্যর্থ হয়েই এমন সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।