Tag: কূটনৈতিক সফর

  • ভারত সফরের আগে মোদির নেতৃত্বে মুগ্ধ পুতিন, দিল্লিতে প্রস্তুতি সর্বোচ্চ সতর্কতায়

    ভারত সফরের আগে মোদির নেতৃত্বে মুগ্ধ পুতিন, দিল্লিতে প্রস্তুতি সর্বোচ্চ সতর্কতায়

    এবিএনএ: দু’দিনের সরকারি সফরে এবার ভারতে পা রাখতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফর শুরুর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। এক সাক্ষাৎকারে পুতিন বলেন, মোদি কখনোই চাপের কাছে মাথানত করেন না; বরং নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেন।

    মার্কিন শুল্কনীতি নিয়ে প্রশ্ন তোলা হলে পুতিন স্পষ্টভাবে জানান, “মোদি এমন নেতা নন, যিনি চাপের মুখে নতি স্বীকার করবেন।” ভারতের প্রধানমন্ত্রীকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে তিনি আরও বলেন, এবারের সফর নিয়ে তিনি বিশেষভাবে আশাবাদী। রাশিয়া ও ভারতের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা ও সহযোগিতা এই সফরে নতুন গতি পাবে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

    তিনি জানান, মহাকাশ গবেষণা থেকে শুরু করে পরমাণু শক্তি, জাহাজ নির্মাণ, বিমান প্রযুক্তি—এসব খাতে দু’দেশই ভবিষ্যতের উন্নয়নকে কেন্দ্র করে যৌথভাবে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সম্ভাবনাও এই বৈঠকের আলোচ্যসূচির মধ্যে থাকছে।

    মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে পুতিন বলেন, “ভারত এখন দ্রুত বিকাশমান অর্থনীতি। ৭.৭ শতাংশ প্রবৃদ্ধি তার বড় উদাহরণ। কিছু সমালোচনা থাকলেও সাফল্যই কথার প্রমাণ।”

    গত বছর চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে মোদিকে নিজের গাড়িতে বসানোর ঘটনাটি স্মরণ করে পুতিন জানান, সেটি তাদের বন্ধুত্বেরই প্রতীক। পরিকল্পিত কিছু নয়, বরং দুই নেতার অনানুষ্ঠানিক আলাপের অংশ হিসেবেই তারা গাড়িতে উঠে পড়েছিলেন।

    মোদির আমন্ত্রণেই এবার ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে দিল্লি আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বিমান নামার কথা রাজধানীতে। তাকে ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে পাঁচ-স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাশিয়ার প্রায় ৫০ জন নিরাপত্তাকর্মী আগেই দিল্লিতে পৌঁছে পুতিনের কনভয়ের সম্ভাব্য রুট পরিদর্শনও সম্পন্ন করেছেন। দিল্লি পুলিশ ও এনএসজির সঙ্গে যৌথভাবে চলছে টহল ও প্রস্তুতি।

    রুশ প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে পুরো দিল্লিতে এখন টানটান নিরাপত্তা ও কূটনৈতিক ব্যস্ততা।

  • দিল্লিতে খলিলুর রহমান–অজিত দোভালের গুরুত্বপূর্ণ বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

    দিল্লিতে খলিলুর রহমান–অজিত দোভালের গুরুত্বপূর্ণ বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

    এবিএনএ:  ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। এ বৈঠকে অংশ নেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

    বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিষয়টি জানানো হয়। আলোচনায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন দু’পক্ষ।

    বৈঠকের সময় ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দোভাল আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরে আগ্রহ জানান বলে জানা গেছে।

    বর্তমানে ড. খলিলুর রহমান সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ-স্তরের বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ভারতে অবস্থান করছেন। ওই সফরের অংশ হিসেবেই ঘটে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক।

    উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে যোগ দিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।

    দুই দেশের এই উচ্চপর্যায়ের বৈঠককে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।