একদিনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক দিনের সফরে দেশের তিনটি বিভাগে যাওয়ার কর্মসূচি নিয়েছেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর সামনে রেখে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পরিদর্শন করবেন।
রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর কিছু সময় রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি।
রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি একটি জনসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় কাটিয়ে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
রাজশাহীতে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয় সভায়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।




