ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর দ্বারপ্রান্তে

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে, যা ৩০০-এর কাছাকাছি।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১ জন
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬২৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯১ হাজার ৭ জন।
অক্টোবলের প্রথম ৯ দিনেই ৫৪ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জনের প্রাণহানি ঘটে।
মাসভিত্তিক হিসাবে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে মারা গেছেন।
ঢাকা বিভাগে আক্রান্তের চাপ সবচেয়ে বেশি
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৭০৩ জন ডেঙ্গু রোগী।
এ ছাড়া বরিশালে ২১৯ জন, চট্টগ্রামে ২৩৪ জন, খুলনায় ১৮৪ জন, রাজশাহীতে ১৪১ জন, রংপুরে ৭৫ জন এবং ময়মনসিংহে ৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছানো এবং প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।




