শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ ২৫–২৯ অক্টোবর, অপেক্ষায় পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: চলতি অক্টোবর মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এ সময়ের যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর।

সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, প্রস্তাবিত সময়সীমার মধ্যে ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থীদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ বোর্ডের অধীনে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ফল প্রকাশের সম্ভাব্য সময় সামনে আসায় এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত ফল প্রকাশের নির্দিষ্ট দিন নিশ্চিত নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button