দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি, বন্ধ কবে?

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা সাত দিনের ছুটি মিলতে যাচ্ছে। নির্ধারিত পাঁচ দিনের পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা একটানা এক সপ্তাহ অবকাশ পাবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই সময়ে ছুটি কার্যকর থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে শিক্ষার্থীদের জন্য ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট সাত দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সূচিতেও দুর্গাপূজার জন্য একই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রাথমিকের শিক্ষার্থীরাও সাত দিনের অবকাশ পাবে।
সরকারি চাকরিজীবীদেরও টানা পাঁচ দিনের ছুটি
দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
কবে কোন তিথি
এ বছর ১০ অক্টোবর মহালয়া পালিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে অক্টোবরের মাঝামাঝি সময়ে শিক্ষার্থী ও সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কয়েক দিনের ধারাবাহিক ছুটির সুযোগ তৈরি হচ্ছে।




