জাতীয়

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক; রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন বাণিজ্য মেলা মাঠে অভিযান পরিচালনা করে এসআরবি। অভিযানের সময় একটি ব্যাগের ভেতর বেশ কিছু বিস্ফোরক পাওয়া যায়। প্রাথমিকভাবে সেখানে প্রায় ২০টি ককটেল ও পেট্রোল বোমা থাকার কথা জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাঠটিতে অভিযান চালানো হয়। সেখানে বিস্ফোরক পাওয়ার পর সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে থাকা এসআরবির সদস্যরা পুরো এলাকা নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রেখেছেন। নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।

এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, ঘটনাস্থলে পৌঁছে তাদের টিম কাজ শুরু করে। একটি ব্যাগ থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। এর মধ্যে কিছু বিস্ফোরক ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে। আরও কিছু বিস্ফোরক থাকায় সেগুলো জনসাধারণের চলাচলের বাইরে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ২০টির মতো ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে।

এদিকে এসব বিস্ফোরক পুরাতন বাণিজ্য মেলা মাঠে কীভাবে এলো এবং কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button