জাতীয়

আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক; দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এ সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

দ্বিতীয় ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তরপ্রদেশ ও এর আশপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান দুর্বল থেকে মাঝারি পর্যায়ে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ তাপমাত্রা ও বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আরিচায়, পরিমাণ ১ মিলিমিটার।

একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঢাকা, চাঁদপুর, ফেনী ও খুলনায়। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা নারায়ণগঞ্জ ও সন্দ্বীপে রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button