জাতীয়

ঢাকা-৮: ভোটের আগেই মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান, মির্জা আব্বাসের অভিযোগ

বিএনপির প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা ঢাকার শাহজাহানপুরে ভোটকেন্দ্র দখল করে কারচুপির চেষ্টা করছে

এবিএনএ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনে ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্র দখল করে অনিয়মের চেষ্টা চালাচ্ছে।

শাহজাহানপুরে বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস জানান, সাধারণ জনগণ ও বিএনপির কর্মীরা তাদের আটকও করেছে। অনেকে পালিয়ে গেছে, তবে তারা এখনও নির্বাচনী সহিংসতার ঝুঁকি তৈরি করছে।

প্রার্থী আরও বলেন, ফকিরাপুল ও আরামবাগের মেস-হোস্টেলগুলোতে সশস্ত্র অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা আগামী ভোটের দিন কেন্দ্রগুলোতে যেতে পারে। রাত ১১টার পর পুনরায় কেন্দ্র দখল করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মির্জা আব্বাস দাবি করেন, তার আসন নিয়ে পূর্বপরিকল্পিতভাবে নির্বাচনী কারচুপির চেষ্টা চলছে। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button