জাতীয়লিড নিউজ

শ্রমিকদের দাবি মজুরি বোর্ডে, বৃহস্পতিবার থেকে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো নিয়ে মজুরি বোর্ডে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে সরকার। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষ কাটিয়ে কারখানার উৎপাদন স্বাভাবিক করতে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (৪ নভেম্বর) শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে চলমান সংকট নিরসনে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, শ্রমিকদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। মজুরি বোর্ডে উভয় পক্ষের মতামত বিবেচনায় নিয়ে আলোচনার ভিত্তিতে সমাধানের পথ খোঁজা হবে।

নিহত শ্রমিকের পরিবারকে এক লাখ টাকা সহায়তা

গাজীপুরে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে শ্রমমন্ত্রী জানান, খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে নিহত শ্রমিকের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটেজের মাধ্যমে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

টঙ্গীতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, গাজীপুরের টঙ্গীতে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এ-সংক্রান্ত অনুমোদিত সারসংক্ষেপ তাঁর কাছে পাঠানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হবে।

শ্রমিক-মালিক দুই পক্ষের সহযোগিতায় সংকট সমাধানের আশা

চলমান অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষ সহযোগিতা করছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, স্বল্প সময়ের নোটিশেও শ্রমিক নেতারা আলোচনায় অংশ নিয়েছেন। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও বিভিন্ন পর্যায়ে আলোচনায় উপস্থিত ছিলেন। দুই পক্ষের সহযোগিতা অব্যাহত থাকলে কারখানাগুলো দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে নির্দোষ হয়েও যেসব শ্রমিক কারাবন্দি হয়েছেন, তাঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানান শ্রমমন্ত্রী। তবে ভিডিও ফুটেজে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চার দিনের মধ্যে মজুরি বোর্ডের পরবর্তী সভা

মজুরি নির্ধারণের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, শনিবার রাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর রোববার দুপুর ১২টার আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই দিন সন্ধ্যায় এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। আগামী চার দিনের মধ্যে বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং মালিকদের শিল্প পরিচালনার সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখাকে সরকারের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। মন্ত্রীর মতে, কারখানা সচল থাকলে উৎপাদন ও আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং শ্রমিকদের মজুরি বাড়ানোর ক্ষেত্রও প্রসারিত হবে।

নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানোর আহ্বান

দাবি আদায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে অথবা লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো উচিত। যথাযথ সাড়া না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। তবে আলোচনা বা আবেদন ছাড়াই সরাসরি কর্মবিরতি কিংবা কারখানায় অচলাবস্থা সৃষ্টি করা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

বন্ধ ও ছুটি ঘোষণা করা কারখানাগুলো পুনরায় খুলে উৎপাদন শুরু করতে মালিকদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। পাশাপাশি শ্রমিক নেতাদের নিজ নিজ এলাকার কারখানায় গিয়ে শ্রমিকদের কাজে ফেরার বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের গার্মেন্টস শিল্প অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টা কিংবা শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মজুরি বোর্ডের সুপারিশ মালিক ও শ্রমিক—উভয় পক্ষ মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বোর্ডে দুই পক্ষের প্রতিনিধিত্ব রয়েছে এবং সুপারিশ গ্রহণের বিষয়ে তাঁরা সম্মতি জানিয়েছেন।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বানে সাড়া না দিলে কী ব্যবস্থা নেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষ সহযোগিতা করলে শ্রমিকরাও কাজে ফেরার আহ্বানে সাড়া দেবেন বলে তিনি আশা করছেন।

সবশেষে ভুল বোঝাবুঝি দূর করে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানান শ্রমমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button