গোপালগঞ্জে ভোটের আগের রাতে ৫ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটারদের মধ্যে আতঙ্ক
আসন্ন সংসদ নির্বাচনের আগে গোপালগঞ্জের পাঁচটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে দুর্বৃত্তরা


এবিএনএ,গোপালগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গোপালগঞ্জে পাঁচটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি সদর উপজেলার নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটে।
এরপরপরই জেলা শহরের বীণাপানি স্কুল মোড়, মাঝিগাতী দশপল্লী এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা-সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পুলিশ পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
এ ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।




