
নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
নতুন মূল্য নির্ধারণের ফলে আগে ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ একবারে ভোক্তাদের খরচ বাড়ল ২২৩ টাকা।
এর আগে গত ২৯ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।
তবে পরবর্তী সময়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।




