জোরপূর্বক পদত্যাগে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জন্য স্বস্তি: বেতন-ভাতা চালুর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
গণঅভ্যুত্থানের পর পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের মানবেতর জীবন থেকে রক্ষা করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার


এবিএনএ: গণঅভ্যুত্থানের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোর করে পদত্যাগে বাধ্য হওয়া অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত চলমান থাকলেও তাদের নিয়মিত বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষক-কর্মচারীদের অনেকেই দীর্ঘদিন ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের বেতন-ভাতা বন্ধ রাখা অন্যায়। তাই অবিলম্বে তাদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে যুক্ত করে বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
পাশাপাশি, এই নির্দেশ বাস্তবায়নে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে যেন দ্রুত এ নির্দেশ বাস্তবায়ন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছিল। বেতন বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানান।




