জাতীয়

হাম পরিস্থিতি উদ্বেগজনক, মৃত্যু ছাড়াল ১১০০

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এ রোগে ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩ জন। দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১০৪ জন।

এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৩৯

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ২৭৯, সিলেটে ২০৬, বরিশালে ১০৭, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৬, রাজশাহীতে ২৯ এবং রংপুর বিভাগে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

সন্দেহজনক রোগী প্রায় ২ লাখ

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৫০ জনে পৌঁছেছে। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ৩৯২ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, হাম ও হামের উপসর্গজনিত রোগীর চাপ এখনো দেশের বিভিন্ন হাসপাতালে অব্যাহত রয়েছে। নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button