কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্যস্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় বিস্ফোরণটি ঘটে।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই নম্বর প্ল্যাটফর্মের তুলনামূলক নির্জন অংশে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে সেখানে ককটেলটি রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বিস্ফোরণের পর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে স্টেশনের ভেতরে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর বিস্ফোরণের উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।




