বগুড়ায় ভোটকেন্দ্রে রাতে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক
বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে রাতের অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলাম আটক


এবিএনএ,বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে রাতের অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাত ১০টার দিকে নাসিরুল ইসলাম নেতৃত্বে ১০ থেকে ১৫ জন জামায়াত কর্মী ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। খবর পেয়ে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে নাসিরুলকে আটক করে।
আটকরা দাবি করেছেন, তারা পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য কেন্দ্রে এসেছিলেন। তবে রাতের সময় ভোটকেন্দ্রে তালিকা জমা দেওয়ার কোনো নিয়ম নেই। নাসিরুল ইসলামকে মুচলেকা নেওয়ার পর আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। পরবর্তী আইনি সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পর নেওয়া হবে।
অপরদিকে, বগুড়া শহর জামায়াত যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন জানান, “শুধু পোলিং এজেন্টের তালিকা দেওয়ার জন্য নেতারা কেন্দ্রে এসেছিলেন। সেখানে বিএনপি নেতাকর্মীরা ‘মব’ তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন।”
ঘটনায় কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতা ভোটকেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করছে।




