ইরাকে মর্মান্তিক ঘটনা: খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু
কুর্দিস্তানের আরবিলে বসবাসরত তিন প্রবাসীর রহস্যজনক মৃত্যু; প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে কারণ মনে করছে বাংলাদেশ দূতাবাস।


এবিএনএ: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং একজন ফেনী জেলার বাসিন্দা। তারা কর্মসূত্রে ইরাকের আরবিল শহরে অবস্থান করছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ তারেক (পাসপোর্ট নম্বর: EL-0875891), মো. সাব্বির এবং ফেনী জেলার মেহেদী হাসান (পাসপোর্ট নম্বর: A18633961) ওই ঘটনায় মারা গেছেন। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এদিকে তিন প্রবাসী বাংলাদেশির এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।




