ইসি চাইলে তারেক রহমান ভোটার হতে পারবেন: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব
আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নে জানালেন ইসি সচিব, এখনও ভোটার নন তারেক রহমান, তবে কমিশনের সিদ্ধান্তে সম্ভব।


এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের ভোটার হিসেবে নিবন্ধিত নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি উল্লেখ করেন, কমিশন চাইলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি ভোটার হতে পারবেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান, তারেক রহমান কি ইতিমধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন? এর জবাবে সচিব বলেন, “আমার জানা মতে, তিনি এখনো ভোটার হননি।”
এরপর সাংবাদিকদের আরেক প্রশ্ন ছিল—তিনি কি নির্বাচনে অংশ নিতে পারবেন? উত্তরে ইসি সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সেই সিদ্ধান্ত দেয়।”
কমিশনের এমন সিদ্ধান্ত কিসের ভিত্তিতে হতে পারে, জানতে চাইলে তিনি জানান, নির্বাচন আইনেই এ সম্পর্কিত বিধান রয়েছে। তবে নির্দিষ্ট কোন ধারায় উল্লেখ আছে তা মুখস্থ নেই বলেও জানান তিনি। সাংবাদিকদের তিনি পরামর্শ দেন, “আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন।”
উল্লেখ্য, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার ভোটার হওয়া কিংবা নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
নির্বাচন কমিশনের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে যে, কমিশন চাইলে আইনগত প্রক্রিয়ায় তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ দিতে পারে।




