বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
তারেক রহমান বলেন—কেউ যেন চিকিৎসাবঞ্চিত না থাকে, সরকারি-বেসরকারি হাসপাতালে সবার জন্য চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি সরকার


এবিএনএ: বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের কোনো নাগরিক চিকিৎসাবঞ্চিত থাকবে না।
শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবির শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “আমরা যদি জনগণের ভালোবাসায় ক্ষমতায় আসতে পারি, তবে স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। যেন কোনো রোগীকে হাসপাতালের মেঝেতে শুয়ে থাকতে না হয়। অতিরিক্ত রোগীদের জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা, কৃষি, নারী ও বয়স্ক কল্যাণের পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন আমাদের অগ্রাধিকার। আমাদের লক্ষ্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে সেবার মান হবে সবার জন্য সমান।”
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি জানান, ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মানবসেবামূলক আদর্শ ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জোবাইদা রহমান বলেন, “মানবতার সেবা এখন সময়ের দাবি। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সেবা কার্যক্রমে যুক্ত হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই।”
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে প্রায় সাত হাজার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। ১৭০ জন চিকিৎসক, যার মধ্যে ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে চিকিৎসাসেবা প্রদান করেন।




