শাহবাগে ফের উত্তেজনা, হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ধাওয়া
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।


এবিএনএ: শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর আবারও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডের মুখে আন্দোলনকারীরা দ্রুত সরে যেতে বাধ্য হন। কয়েক মিনিটের মধ্যেই শাহবাগ মোড় প্রায় ফাঁকা হয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে পুলিশের ধাওয়ার পর সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা আবারও শাহবাগ মোড়ে জড়ো হন। পরে তাদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়।
পুলিশের তৎপরতায় আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছেড়ে কাঁটাবনের দিকে সরে যান। ঘটনার পর শাহবাগ ও আশপাশের এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।




