রক্তাক্ত লুকে শাহরুখের গর্জন! ‘কিং’ সিনেমা আসছে কবে, জানালেন নিজেই বাদশা
তিন বছরের বিরতি ভেঙে বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’


এবিএনএ: দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। শনিবার নতুন একটি ঝলক প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শাহরুখ নিজেই।
প্রকাশিত টিজারে দেখা যায়, তুষারে ঢাকা পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত ও ভয়ংকর এক রূপে হাজির হয়েছেন শাহরুখ খান। সংলাপে শোনা যায় তার গর্জন—‘এবার গর্জানোর সময় এসেছে’। টিজারের শেষাংশে ভেসে ওঠে একটি লাইন—‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’, যা দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
এই ঝলকে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ উপস্থিতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই টিজারটি ঘিরে শুরু হয়েছে আলোচনা ও উচ্ছ্বাস।
সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ নির্মাণ করে বক্স অফিসে ইতিহাস গড়েছিলেন। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছরের বিরতি শেষে ‘কিং’ দিয়েই প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছেন তিনি।
এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো—প্রথমবারের মতো বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করছেন শাহরুখের কন্যা সুহানা খান। এছাড়া খল চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বড়দিনের মুক্তিকে ঘিরে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।




