সালমান খানের প্রতি আবেগে ভাসলেন সজল আলি, এক লাইনের পোস্টেই ভাইরাল অনুভূতি
ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খানের ভিডিও শেয়ার করে ভালোবাসার ইঙ্গিত দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী


এবিএনএ: বলিউড তারকাদের প্রতি পাকিস্তানি অভিনয়শিল্পীদের অনুরাগ নতুন নয়। অতীতে শাহরুখ খান কিংবা রেখার প্রতি পাকিস্তানি তারকাদের প্রকাশ্য প্রশংসা দর্শকদের দৃষ্টি কেড়েছে। এবার সেই আলোচনায় নতুন করে নাম লেখালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও নিজের স্টোরিতে শেয়ার করেন সজল। সেখানে দীর্ঘ কোনো বক্তব্য না লিখে মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি—‘আমার হৃদয়’। সংক্ষিপ্ত এই ক্যাপশনেই সালমান খানের প্রতি তার ভালোবাসার বার্তা স্পষ্ট হয়ে ওঠে।
সজলের এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও শেয়ার করতে থাকেন। সালমান খানের জনপ্রিয়তা যে সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত, সজলের এই প্রকাশ তারই আরেকটি প্রমাণ বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, সজল আলি শুধু পাকিস্তানেই নয়, বলিউডেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত সিনেমা ‘মম’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।
এদিকে ২০২৫ সালে হামজা সোহেলের সঙ্গে অভিনীত নাটক ‘দিল ওয়ালি গলি মে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সামনে ২০২৬ সালে হাম টিভির ব্যানারে প্রচারিত হতে যাচ্ছে তার নতুন প্রজেক্ট ‘জানজেরিন’, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন আমির জিলানি ও দানিয়াল জাফরসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।




