একসঙ্গে ফিরছেন অপু বিশ্বাস ও আদর আজাদ? জোড়া সিনেমায় জমজমাট চমক!
ওজন কমিয়ে নতুন রূপে ফিরলেন অপু, একসঙ্গে দু’টি সিনেমায় জুটি বাঁধার গুঞ্জনে সরগরম চলচ্চিত্রপাড়া


এবিএনএ: সাময়িক বিরতির পর আবারো আলোচনায় ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নতুন রূপে, নতুন লুকে, আরও বেশি আত্মবিশ্বাসীভাবে হাজির হয়েছেন তিনি। ওজন কমিয়ে নিজেকে একেবারে নতুনভাবে উপস্থাপন করেছেন এই চিত্রতারকা। ইতোমধ্যেই তাঁর পরিবর্তিত লুক নিয়ে ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
এদিকে সময়ের ব্যস্ততম নায়ক আদর আজাদও সম্প্রতি শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু করার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ছবিতে একসঙ্গে ধরা দিয়েছেন অপু বিশ্বাস, আদর আজাদ ও নির্মাতা বন্ধন বিশ্বাস। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় শোনা যাচ্ছে, অপু ও আদর নাকি একসঙ্গে জোড়া সিনেমায় কাজ করছেন। অন্তত দু’টি সিনেমায় তাদের জুটি নিশ্চিত বলেই দাবি অনেকের। যদিও এ বিষয়ে দুজনেই এখনো মুখ খুলছেন না।
গুঞ্জনের সূত্র শুরু হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। যদিও তিনি জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত; তবু ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের ধারণা—একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।
জানা গেছে, একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি পরিচালনা করবেন ঢালিউডেরই আরেক খ্যাতিমান নির্মাতা। একটি সিনেমার কাজ শুরু হতে পারে আগামী মাসেই, আর অন্যটির শুটিং নতুন বছরের শুরুতে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আমি কাজে ফিরতে পুরোপুরি প্রস্তুত। নতুন ছবির প্রস্তুতি নিচ্ছি, তবে কার সঙ্গে ফিরছি সেটা এখনই বলতে চাই না। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
একইভাবে আদর আজাদ বলেন, “কয়েকটি নতুন সিনেমার বিষয়ে আলাপ চূড়ান্ত করেছি। তবে বিস্তারিত জানাবেন পরিচালক আর প্রযোজনা প্রতিষ্ঠান। অপেক্ষা করতে হবে কিছু দিন।”
উল্লেখ্য, ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অন্যদিকে আদর আজাদের সর্বশেষ সিনেমা ‘টগর’ দর্শকপ্রিয়তা পায়।
চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়—জোড়া সিনেমায় অপু ও আদরের জুটি কি সত্যিই আসছে? নাকি এটি কেবল গুঞ্জন? সময়ই বলবে সবকিছু।




