

এবিএনএ: আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় সভাপতিত্বকালে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে দমনের বিকল্প নেই।
প্রধান উপদেষ্টা জানান, সরকার নাগরিক সেবাগুলোকে দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে। দেশ ও প্রবাসে এসব সেবা নির্বিঘ্ন রাখতে হলে শক্তিশালী সাইবার নিরাপত্তা কাঠামো নিশ্চিত করা জরুরি।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ, দক্ষ জনবল তৈরি এবং সাইবার সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে একটি রেটিং পদ্ধতি চালুর নির্দেশ দেন।
আর্থিক খাতে সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ তালিকা সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
তিনি আসন্ন নির্বাচন ঘিরে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেক্টরাল সার্ট (CERT) গঠনের কার্যক্রম এগিয়ে চলছে।
সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, আইজিপি বাহারুল আলম ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




