জাতীয়লিড নিউজ

ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল রাজধানী, প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা-অগ্নিসংযোগ

কারওয়ান বাজারে গভীর রাতে তাণ্ডব, ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর ও নথিপত্রে আগুন, আতঙ্কে সাংবাদিকরা

এবিএনএ: রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রথমে প্রথম আলো কার্যালয়ে হামলা করে। সিএ ভবনের মূল ফটক ভেঙে তারা ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলাকারীরা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত উঠে ব্যাপক তাণ্ডব চালায়। একই সময় পাশের ডেইলি স্টার সেন্টারেও হামলা হয়। সেখানে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে নথিপত্র ও আসবাবপত্র বের করে ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়।

আগুনের তীব্রতা ও ধোঁয়ায় পুরো কারওয়ান বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় ভবনের ভেতরে থাকা অনেক সাংবাদিক ও কর্মচারী ছাদ ও নিরাপদ স্থানে আশ্রয় নেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এলাকায় মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। বর্তমানে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button