শিবগঞ্জ সীমান্তে বিজিবি-পুলিশের অভিযান, ভারতীয় মোবাইলসহ আটক ১; অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একই দিনে পৃথক দুটি অভিযানে চারটি ভারতীয় মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার সীমান্তবর্তী নলডুবী এলাকা ও মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজারে পৃথকভাবে এসব অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের একটি সেতুর কাছ থেকে মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়।
রবিউল উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নলডুবী এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির তথ্যমতে, সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালানোর সময় রবিউলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে চারটি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
অন্যদিকে শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার সহযোগী হিসেবে পরিচিত রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়।
শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে রফিকুল ইসলামের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রফিকুল উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপর আটক রুবেল ওরফে ডলার একই উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
দুটি ঘটনায়ই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।




