জেলার খবরবাংলাদেশ

দৌলতদিয়া মধ্যরাতে বাসে আগুন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্ক করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ‘নিউ ক্লাসিক্যাল’ নামের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টার্মিনালে এ আগুন লাগার ঘটনা ঘটে। বাসটি রাজবাড়ী মালিক সমিতির অধীনে পরিচালিত এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে যাত্রী পরিবহন করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যাত্রী পরিবহন শেষে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা ছিল। হঠাৎ বাসের ভেতর আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। অন্যদিকে বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কয়েকজন।

তবে এসবের কোনোটিই এখন পর্যন্ত নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button