সীমান্ত পেরিয়ে প্রাণের উপহার: বাংলাদেশি ভাইকে কিডনি দিলেন ভারতীয় বোন
কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে ভারতীয় নাগরিক অনুপা বিশ্বাস জীবন বাঁচালেন বাংলাদেশি ভাই স্বপনের—মানবতার এক অনন্য দৃষ্টান্ত।


এবিএনএ: মানবতার অনন্য নজির গড়লেন এক ভারতীয় নারী। বাংলাদেশে থাকা আপন ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি। কিডনি রোগে গুরুতর অসুস্থ ৪৩ বছর বয়সী স্বপনের জন্য এই দান যেন নতুন জীবনের দুয়ার খুলে দিয়েছে। তার বড় বোন অনুপা বিশ্বাস, যিনি ভারতের নাগরিক, কোনো দ্বিধা না করেই ভাইয়ের পাশে দাঁড়ান।
চিকিৎসকদের পরামর্শে গত ৩ জানুয়ারি সফলভাবে স্বপনের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জীবন রক্ষায় স্বপন ও অনুপার বাবা-মা ভারতে আশ্রয় নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবারটি বাংলাদেশে ফিরে এলেও বিয়ের সূত্রে অনুপা ভারতেই থেকে যান। ভৌগোলিক দূরত্ব থাকলেও ভাই-বোনের সম্পর্কের টান কখনো কমেনি।
২০১৮ সালে স্বপনের কিডনি বিকল হয়ে গেলে নিয়মিত ডায়ালসিসে থাকতে হয় তাকে। শারীরিক দুর্বলতায় কাজ করতে না পারায় পরিবারে আর্থিক সংকটও দেখা দেয়। এমন সময়ে তিন বোনই আর্থিকভাবে পাশে দাঁড়ান। কলকাতার একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত হলে সবার আগে দাতা হিসেবে এগিয়ে আসেন অনুপা।
পরীক্ষায় ভাই-বোনের কিডনিতে শতভাগ জিনগত মিল পাওয়া যায়, যা প্রতিস্থাপনের প্রক্রিয়াকে সহজ করে দেয়। চিকিৎসকদের ভাষায়, আত্মীয়দের মধ্যে কিডনি দান পরিচিত ঘটনা হলেও দুই দেশের সীমান্তে বিভক্ত ভাই-বোনের এমন মানবিক সিদ্ধান্ত বিরল উদাহরণ হিসেবেই ধরা হচ্ছে।




