জাতিসংঘে তারেক রহমানের প্রথম ভাষণ ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেবেন তিনি। বিষয়টি বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন একটি অধ্যায় হিসেবে সামনে এসেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য
জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের উপস্থিতির ইতিহাস শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। ১৯৮০ সালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। তাঁর বক্তব্যে ধনী ও দরিদ্র দেশের বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় উঠে আসে।
এর ১৩ বছর পর ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরবর্তী বছরগুলোতেও তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেন ও বক্তব্য দেন।
এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। ফলে ১৯৮০ সালে শুরু হওয়া জিয়া পরিবারের জাতিসংঘ-সংশ্লিষ্টতার ধারাবাহিকতায় এটি হবে নতুন একটি পর্ব।
যেসব বিষয়ে গুরুত্ব থাকতে পারে
প্রধানমন্ত্রীর আসন্ন ভাষণে বাংলাদেশের বর্তমান অগ্রাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয় রয়েছে।
বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকটও সফরের আলোচনায় অগ্রাধিকার পেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান তুলে ধরার বিষয়ও আলোচনায় থাকতে পারে।
বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরেকটি কারণে উল্লেখযোগ্য। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের অফিসিয়াল তথ্যেও তাঁর এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতিসংঘের এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে জলবায়ু, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উন্নয়ন, মহামারি প্রস্তুতি ও বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফলে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশ কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দেশের কী অবস্থান তুলে ধরা হয়, সেদিকেই থাকবে সংশ্লিষ্ট মহলের নজর।




