জেলার খবরবাংলাদেশ

পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ, চাঁপাইনবাবগঞ্জে বহুতল ভবন নিয়ে অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া এলাকায় অনুমোদিত নকশা ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভা থেকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাঝপাড়ার বাসিন্দা জাবের আল মাহমুদ হাসান মোনাফ পৌর প্রশাসক ও সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে আজিজুর রহমান, তাঁর ছেলে এসারুল, নাসিরুল ও সিমার বিরুদ্ধে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ এবং চলাচলের রাস্তা ও প্রতিবেশীর জমি দখলের অভিযোগ করা হয়। বাধা দিলে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

এদিকে, গত ২১ সেপ্টেম্বর পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত নোটিশে আজিজুর রহমানকে অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে নোটিশের পরও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ অবস্থায় দ্রুত নির্মাণকাজ বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button