বিনোদন

নাচ ও অ্যাকশনে দর্শক মাতানো সেই নায়ক আর নেই: চিরবিদায় ইলিয়াস জাভেদের

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে প্রয়াত ঢালিউডের ‘ড্যান্সিং হিরো’

এবিএনএ: ঢালিউডের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে নীরবে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী।

১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। শৈশবে পরিবারসহ পাঞ্জাবে বসবাস করলেও ভাগ্যের টানে তিনি ঢাকাকেন্দ্রিক চলচ্চিত্র জগতে যুক্ত হন এবং অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেন।

১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে রুপালি পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমা তাকে তারকাখ্যাতি এনে দেয়। এই ছবিতে তার সহশিল্পী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

পরবর্তী সময়ে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘ড্যান্সিং হিরো’ নামে। নাচ, অ্যাকশন ও পর্দা উপস্থিতির অনন্য সমন্বয়ে সত্তর ও আশির দশকে তিনি ছিলেন দর্শকপ্রিয়তার শীর্ষে।

ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে তিনি বিয়ে করেন তৎকালীন জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীকে। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র হারাল এক উজ্জ্বল অধ্যায় ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের স্রষ্টাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button