শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা, ভারতের বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ড্র করল বাংলাদেশ
সাফ ফুটসালের উদ্বোধনী ম্যাচে ৪-৪ সমতায় পয়েন্ট ভাগাভাগি, লাল-সবুজের হয়ে জোড়া গোল মঈন ও রাহবারের


এবিএনএ: শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। একবার বাংলাদেশ এগিয়ে যায়, পরক্ষণেই সমতায় ফেরে ভারত—আবার ভারত লিড নিলে পাল্টা আঘাতে ম্যাচে ফেরে লাল-সবুজরা। গোলের পর গোল, পাল্টা আক্রমণে ভরা সেই ম্যাচ শেষ পর্যন্ত থামে ৪-৪ সমতায়।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বুধবার (১৪ জানুয়ারি) সাফ ফুটসালের রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন মোহাম্মদ মঈন আহমেদ ও অধিনায়ক রাহবার ওয়াহিদ খান।
ম্যাচের নবম মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। রাহবারের বাড়ানো বল ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে জালে পাঠান মঈন। তবে দুই মিনিটের মধ্যেই আনমোল অধিকারীর গোলে সমতায় ফেরে ভারত।
প্রথমার্ধের শেষদিকে আবারও লিড নেয় বাংলাদেশ। রাহবারের নিখুঁত শটে এগিয়ে গেলেও বিরতির আগে দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে স্কোরলাইন আবার সমান হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ বাড়িয়ে লিড নেয় ভারত। ২৭তম মিনিটে রোলুয়াপুইয়ার গোলে এগিয়ে যায় তারা। কিন্তু তিন মিনিটের ব্যবধানে দুর্দান্ত শটে আবারও ম্যাচে ফেরান মঈন আহমেদ।
৩৬তম মিনিটে গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে পড়ায় বাংলাদেশের রক্ষণে ফাঁক তৈরি হলে ফের লিড নেয় ভারত। তবে সে আনন্দ বেশিক্ষণ টেকেনি। পরের মিনিটেই বল দখলে নিয়ে অধিনায়ক রাহবার ওয়াহিদ খান নিখুঁত শটে ৪-৪ সমতায় ফেরান বাংলাদেশকে।
শেষ তিন মিনিটে জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় দুই দলই। বাংলাদেশ শেষ মুহূর্তে বল জালে পাঠালেও তার আগেই রেফারির শেষ বাঁশি বেজে ওঠে। ফলে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এক পয়েন্ট করে ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৬ জানুয়ারি মালদ্বীপের বিপক্ষে। সাত দলের এই রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়নের শিরোপা জিতবে।




