বাংলাদেশ

মোংলায় গভীর রাতে যৌথ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৪২ হাজার টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন

এবিএনএ, মোংলা : মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও নগদ অর্থসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে মাদ্রাসা রোডের একটি বাসভবনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ, দুটি ইয়াবা ট্যাবলেট, নগদ ৪২ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক নারী সাফিয়া বেগম (৫৬), তিনি মোংলা পৌর এলাকার বাসিন্দা এবং মো. আব্দুর রহিমের স্ত্রী। অভিযানে অংশ নেয় মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর একটি দল।

মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button