সৌদিতে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক: আবাসন অনুমতি বা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৩ হাজার ৯০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের আটক করা হয়। তাঁদের মধ্যে ছয় হাজার ৫০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে আবাসন অনুমতি বা আকামা-সংক্রান্ত বিধি ভাঙার অভিযোগ রয়েছে। প্রায় ৩ হাজার ৭৫০ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৫০০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়। দেশটি ছেড়ে পালানোর চেষ্টার সময় আটক হন আরও ২২ জন। পাশাপাশি অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া কিংবা যাতায়াতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে।
এদিকে সৌদি আরবে প্রায় ৩৭ হাজার ৫০০ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন। নিজ দেশের পাসপোর্ট অথবা ভ্রমণ-সংক্রান্ত অনুমতিপত্র সংগ্রহের জন্য ২০ হাজারের বেশি প্রবাসীকে তাঁদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
তবে সাম্প্রতিক অভিযানে ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে কোন দেশের নাগরিক কতজন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
নিয়ম লঙ্ঘনকারীদের সহায়তায় কঠোর শাস্তির সতর্কতা
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে অবস্থানরত বা নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের আশ্রয় দেওয়া, কাজে নিয়োগ করা কিংবা অন্য কোনোভাবে সহায়তা করার বিষয়ে সতর্ক করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করা এবং অপরাধীদের পরিচয় প্রকাশ করার ব্যবস্থাও থাকতে পারে।
এ ধরনের অপরাধের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষ হটলাইন ব্যবহারের কথাও জানিয়েছে দেশটি।
সূত্র: গালফ নিউজ




