
এবিএনএ: দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রে রাজধানী ঢাকা এখন আরও প্রভাবশালী ভূমিকা রাখছে। সর্বশেষ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে উঠে এসেছে—ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৩২ হাজার টাকার সমান (প্রতি ডলার ১২২.৫৩ টাকা হিসাবে)।
অন্যদিকে, সারাদেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার। অর্থাৎ, রাজধানীর মানুষ দেশের গড় আয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি আয় করছে।
শনিবার (২৫ অক্টোবর) ডিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাধারণ সম্পাদক একেএম আসাদুজ্জামান পাটোয়ারি জরিপের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ইপিআই প্রতিবেদনে দেখা যায়, দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক, এবং রাজধানীতে কর্মসংস্থান রয়েছে মোট ৪০ শতাংশ শ্রমশক্তির। রপ্তানির ক্ষেত্রেও ঢাকার অবদান উল্লেখযোগ্য—দেশের মোট রপ্তানির প্রায় ৪০ শতাংশই আসে রাজধানী অঞ্চল থেকে।
জরিপে আরও বলা হয়, দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ দশমিক ২ শতাংশ মানুষ ঢাকায় বসবাস করেন, যা শহরের জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ। এই পরিসংখ্যান অনুযায়ী, জনসংখ্যা ঘনত্বের দিক থেকে ঢাকা এখন এশিয়ার অন্যতম শীর্ষ শহর।
ত্রৈমাসিক ভিত্তিতে দেশের অর্থনৈতিক অগ্রগতি বিশ্লেষণের উদ্দেশ্যে পরিচালিত ইপিআই জরিপে উৎপাদন, বাণিজ্য, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ খাতের সর্বশেষ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই প্রবৃদ্ধি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দিলেও, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের জন্য রাজধানীর বাইরে বিনিয়োগ বৃদ্ধি এখন সময়ের দাবি।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.