
এবিএনএ: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে বড় সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অবস্থান পরিবর্তনে গত বুধবার আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে জরুরি সভা ডাকা হলেও ভোটাভুটিতে বাংলাদেশের প্রস্তাব ১৪–২ ব্যবধানে নাকচ হয়ে যায়।
আইসিসির পক্ষ থেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতে খেলতে না পারলে তারা বিশ্বকাপ বর্জনের পথেই থাকবে।
গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত বদলানোর শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করে। কিন্তু ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার এখতিয়ার নেই এই কমিটির। ফলে বিসিবির আপিল গ্রহণই করা হয়নি।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সব পথ খোলা রাখতে চেয়েই ডিআরসিতে আপিল করা হয়েছিল। যদি সেখানে কোনো সুযোগ না থাকে, তাহলে শেষ ভরসা হিসেবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার কথা ভাবছে বিসিবি।
এদিকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। সেখান থেকেই বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে। একই সঙ্গে বাংলাদেশের অনমনীয় অবস্থানের কারণে বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, বিসিবির প্রতিনিধি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়ে আইসিসি বোর্ড সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে সংবাদ সম্মেলন করায় বিষয়টি আরও জটিল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.