২০২৬ বিশ্বকাপে মেসিদের নতুন চ্যালেঞ্জ: কোন দলগুলোর মুখোমুখি আর্জেন্টিনা?
‘জে’ গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান—ট্রফি ধরে রাখার মিশনে স্কালোনির সামনে কঠিন পরীক্ষা


এবিএনএ: ২০২৬ ফিফা বিশ্বকাপে ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আলজেরিয়ার বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হয় এবারের বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, সঙ্গে ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া–সঞ্চালক সামান্থা জনসন।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারের একটি দল হওয়ায় আর্জেন্টিনা ছিল পট–১-এ। ড্র অনুযায়ী পট–২ থেকে ইউরোপের অস্ট্রিয়া এবং পট–৪ থেকে এশিয়ার প্রতিনিধি জর্ডান ‘জে’ গ্রুপে যোগ হয়। পট—৩ থেকে আসে আলজেরিয়া।
ড্র মঞ্চে আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি পোডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ট্রফিও প্রদর্শন করেন। শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে স্কালোনি জানান, এই নতুন গ্রুপ আর্জেন্টিনার জন্য হবে চ্যালেঞ্জিং।
স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গ্রুপ আগে থেকেই নিশ্চিত ছিল। ড্র অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঞ্চে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, এরপরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের জাতীয় দলের নাম পট থেকে তুলেন।
আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে শিরোপা ধরে রাখার কঠিন লড়াই।




