আন্তর্জাতিক

যুদ্ধ নয় সংযমের বার্তা: ইরানে হামলা না করার আশ্বাস, পাল্টা আঘাত থেকেও বিরত থাকতে বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানকে সরাসরি বার্তা মার্কিন প্রেসিডেন্টের, তবু আশঙ্কা কাটছে না তেহরানের

এবিএনএ: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই—এমন বার্তা তেহরানকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় যেন কোনো পাল্টা হামলা না হয়, সে বিষয়ে সংযম দেখাতে ইরানকে অনুরোধ জানিয়েছেন তিনি।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১টার দিকে তিনি ট্রাম্পের এই বার্তা পান।

ইরানি রাষ্ট্রদূত জানান, মার্কিন প্রেসিডেন্টের বার্তা থেকে স্পষ্ট—ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। বরং বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে আরও কোনো সামরিক প্রতিক্রিয়া এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মোঘাদাম বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার ইরানের জনগণের রয়েছে। তিনি দাবি করেন, বিক্ষোভ চলাকালে কিছু সশস্ত্র গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে এবং ধর্মীয় স্থাপনাতেও হামলা চালিয়েছে। সরকার ইতোমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে বলেও জানান তিনি।

সম্প্রতি ইরান নিয়ে কঠোর ভাষায় বক্তব্য দিলেও গত রাতে অবস্থানে কিছুটা নমনীয়তা দেখান ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ করেছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা কমেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমাদিয়ান মনে করেন, ট্রাম্পের বক্তব্যে উত্তেজনা কমানোর ইঙ্গিত থাকলেও ইরানের নেতৃত্ব তা পুরোপুরি বিশ্বাস করবে না। আলজাজিরাকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের আশ্বাসে আস্থা রাখা ইরানের জন্য সহজ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button