
এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহার করে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে নগরবাসীর প্রতি।
ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হবেন।
এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগম ও যানজটের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কিছু সড়ক এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এ সময় ব্যবহার না করতে বলা হয়েছে। উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের এয়ারপোর্ট সড়কের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী ও কামাল আতাতুর্ক সড়কের বদলে গুলশান–১, পুলিশ প্লাজা ও মহাখালী রুট ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহনকে মিরপুর–গাবতলী সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। কাঞ্চন ব্রিজ থেকে আগত যানবাহন বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে মাদানী অ্যাভিনিউ দিয়ে চলাচল করতে পারবে।
ডিএমপি আরও জানিয়েছে, সংবর্ধনায় অংশগ্রহণকারীরা কোনো ব্যাগ, লাঠি বা সন্দেহজনক সামগ্রী বহন করতে পারবেন না এবং কেউ তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে গুলশান ও বনানী থেকে এয়ারপোর্ট সড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিদেশগামী যাত্রী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। জরুরি সেবার যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।
নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান হিসেবে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ, পূর্বাচল নীলা মার্কেট ও বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, উত্তরা দিয়াবাড়ি পশুরহাট মাঠ এবং মতিঝিল বাণিজ্যিক এলাকার কথা জানানো হয়েছে।
ডিএমপি সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.