ন্যায়বিচার নিশ্চিত করতে হলে গণতন্ত্রই একমাত্র পথ: তারেক রহমান
গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান বিএনপি চেয়ারম্যানের


এবিএনএ: গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আগামী দিনে বাংলাদেশে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, যদি আবারও দায়িত্বশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হয়, তবে তা গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি চরম অবমাননা হবে। তিনি বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং সাম্প্রতিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ তখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত একটি সরকার দরকার—যে সরকার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে এবং আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে।
নির্যাতনের শিকার পরিবারগুলোর উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনাদের কষ্ট যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।
এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়। বিভিন্ন বিতর্ক ও বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সামনে তৈরি হওয়া গণতান্ত্রিক সুযোগ নষ্ট করার অপচেষ্টা চলছে।
শেষে তিনি দল-মত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যাতে কোনো ষড়যন্ত্রই জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতে না পারে।




