মেসির সঙ্গে ছবি ঘিরে কুরুচিকর আক্রমণ, শুভশ্রীর পক্ষে থানায় গেলেন রাজ চক্রবর্তী
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও অপমানের অভিযোগে টিটাগড় থানায় লিখিত অভিযোগ, রাজনৈতিক উসকানির ইঙ্গিত


এবিএনএ: লিওনেল মেসির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মুখে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ ঘটনায় তাঁর স্বামী, নির্মাতা ও বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাজ চক্রবর্তী জানান, একজন নারীকে প্রকাশ্যে যেভাবে অপমান করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, এই ঘটনায় পরিকল্পিত উসকানির ইঙ্গিত রয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নাম এখনই প্রকাশ করতে চান না বলেও জানান তিনি।
ঘটনার সূত্রপাত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আলোচিত ফুটবল অনুষ্ঠানের পর। বিপুল প্রত্যাশা ও অর্থ ব্যয় করেও মাঠে উপস্থিত দর্শকদের বড় অংশ লিওনেল মেসিকে কাছ থেকে দেখতে না পারায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত জটিলতার মধ্যেই মাঠ ছাড়েন আন্তর্জাতিক ফুটবল তারকারা। এ ঘটনার পর আয়োজক গ্রেপ্তার হলেও সামাজিক ক্ষোভের বড় অংশ গিয়ে পড়ে শুভশ্রীর দিকে।
শুভশ্রীর দাবি, তিনি সেখানে গিয়েছিলেন আমন্ত্রিত অতিথি ও বাংলা চলচ্চিত্রশিল্পের প্রতিনিধি হিসেবে। কিন্তু মেসির সঙ্গে একটি ছবি প্রকাশের পর থেকেই তাঁকে লক্ষ্য করে বিদ্রুপ, ব্যঙ্গচিত্র ও কদর্য মন্তব্য ছড়িয়ে পড়ে।
এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে রাজ চক্রবর্তী বলেন, আয়োজনে চরম অব্যবস্থাপনা থাকলেও দায় চাপানো হচ্ছে একজন অভিনেত্রীর ওপর। তিনি প্রশ্ন তোলেন, অভিনেত্রী বলেই কি কেউ ফুটবলের ভক্ত হতে পারেন না?
রাজ আরও বলেন, শুভশ্রী শুধু একজন অভিনেত্রী নন— তিনি একজন মানুষ, মা, স্ত্রী ও নাগরিক। ব্যক্তিগত আক্রমণ ও প্রতিবাদের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। তাঁর মতে, এ ধরনের ট্রোলিং কেবল বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও সমাজে ভয়ংকর বার্তা ছড়িয়ে দেয়।
তিনি গণমাধ্যম ও সমাজের দায়িত্বশীল ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।




