জাতীয়

র‌্যাবের গভীর রাতে অভিযান, রাজধানী থেকে অস্ত্র-গুলিসহ ধরা তিন শীর্ষ সন্ত্রাসী

পল্লবী ও শাহ আলী থানার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কুখ্যাত অপরাধীদের গ্রেপ্তার

এবিএনএ: রাজধানীতে অপরাধ দমনে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। পল্লবী থানার আওতাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের অভিযানে প্রথমে শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। তারা দীর্ঘদিন ধরে মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মিরপুর-১ এর পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে অস্ত্র উদ্ধার সম্ভব হয়।

একই অভিযানে তাদের সহযোগী হিসেবে কুখ্যাত মাদক কারবারি বাবু ওরফে পিচ্চি বাবুকেও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button