লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ইবাদতে মনোযোগের আহ্বা
বরকতময় এই রাতের শিক্ষা ব্যক্তি ও সমাজে শান্তি-কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা দেয়—বাণীতে প্রধানমন্ত্রী


এবিএনএ: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশের মানুষসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। এই মহিমান্বিত রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয় এবং মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের শিক্ষা দেয় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, লাইলাতুল কদরের তাৎপর্য আমাদের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে ন্যায়, শান্তি এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। তাই এই রাতের মাহাত্ম্য উপলব্ধি করে সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তার বাণীতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র রাতের বরকত মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক হবে।




