চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা
সারাদেশের মত চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা।


এবিএনএ,চট্টগ্রাম: সারাদেশের মত চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা। শনিবার (২০ ডিসেম্বর) নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিকেল চারটায় চট্টগ্রামের সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে এ জানাজা অনুষ্ঠিতহয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক মুসল্লি এ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে মিছিল নিয়ে নগরের নিউ মার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
জানাজা পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইবনে ওমর যায়েদ বলেন, আজকের এই জানাজা থেকে আমরা একটি বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই—ইনসাফের লড়াই, ইনকিলাবের লড়াই। আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। সুতরাং কোনো সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নেক্সট টার্গেট করতে চায়, বাংলাদেশকে বাইরে ঠেলে দিতে—তাহলে বাংলার জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে, ইনশাআল্লাহ।
জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)র উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘আমরা ওসমান হাদির মতো কোনো সন্তানকে হারাতে চাই না। আমরা জীবনের বৃত্ত পূরণ করে ফেলেছি, আমাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ যেন এই সন্তানগুলোকে বাঁচিয়ে রাখেন। ওসমান হাদি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলতে হয় এবং কীভাবে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।’
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘মাত্র ৩২ বছর বয়সে আমাদের ভাই ওসমান হাদি বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এত অল্প বয়সে এমন প্রভাব বিস্তার কেউ করতে পারেনি। তিনি যেমন প্রকৃত শত্রু চিনতে পেরেছিলেন, তেমনি তার শত্রুরাও একজন প্রকৃত দেশপ্রেমিককে চিনতে পেরেছিল।’
চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় জানাজায় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।




