

এবিএনএ: সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় নয় জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন দুইজন সিনিয়র সচিব এবং সাতজন সচিব। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।
উল্লেখ্য, এই নয় কর্মকর্তা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হিসেবে নিয়োজিত হন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদানকে প্রয়োজনীয় মনে করেছে। ফলে তাদের চাকরির মেয়াদ শেষ করে অবসর প্রদান করা হয়েছে।
বিধি অনুযায়ী, তারা অবসরকালীন সব ধরনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।




