অস্ত্রোপচারের পর পাঁচ দিন হাসপাতালে নচিকেতা: এখন কী অবস্থায় আছেন গায়ক?
হৃদ্যন্ত্রে ব্লকেজ ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচার—চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থতার পথে নচিকেতা চক্রবর্তী


এবিএনএ: বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী গত কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। হৃদ্যন্ত্রে ব্লকেজ ধরা পড়ার পর তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ দিন চিকিৎসা চলার পর এখন তার অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ অনুভব করছেন।
চিকিৎসা দল জানায়, গত শনিবার রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে নচিকেতাকে দ্রুত বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর দেখা যায় হৃদ্যন্ত্রে দুটি ব্লকেজ রয়েছে। রাতেই জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে দুটি স্টেন্ট বসানো হয়।
অস্ত্রোপচারের পর নচিকেতাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হলেও বর্তমানে তাকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়েছে। তিনি স্বাভাবিকভাবে খাওয়া–দাওয়া করছেন এবং পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারছেন। সবকিছু অনুকূলে থাকলে শুক্রবারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
নচিকেতার শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে তার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী বলেন,
“বাবা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। তার অবস্থা দ্রুত ভালো হচ্ছে। চিকিৎসকদের মতে, আশঙ্কা কেটে গেছে।”
এরই মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে নচিকেতার খোঁজখবর নেন। চিকিৎসা অগ্রগতি ও নচিকেতার প্রতিক্রিয়া সম্পর্কে তিনি সরাসরি চিকিৎসকদের থেকে তথ্য নেন।




