মব সন্ত্রাসে দেশ ছিন্নভিন্ন, দায় এড়াতে পারে না সরকার: কড়া বার্তা মির্জা ফখরুলের
শরিফ ওসমান হাদির মৃত্যু ও পরবর্তী হামলার ঘটনায় সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে বলে মন্তব্য বিএনপি মহাসচিবের


এবিএনএ: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু এবং তার পরবর্তী সময়ে সংঘটিত একের পর এক মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে সরাসরি দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, শহীদ হাদির মৃত্যুর শোক যখন জাতিকে আচ্ছন্ন করে রেখেছে এবং মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছে, ঠিক তখনই ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম ও বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এই হামলাকে ঘৃণ্য ও নিন্দনীয় আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। তিনি অবিলম্বে হাদির হত্যাকারীদের বিচার এবং সংঘটিত প্রতিটি মব সন্ত্রাসের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফখরুল আরও বলেন, গত এক বছরের বেশি সময় ধরে সংঘটিত মব সহিংসতা পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। কিন্তু বাস্তবতা তার বিপরীত চিত্র তুলে ধরছে।
শেষে তিনি সব রাজনৈতিক ও সামাজিক পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।




