
এবিএনএ: বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতাকে অটুট রাখার ওপর জোর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণতন্ত্র মানে ভিন্নমতকে সম্মান করা, আলোচনার সুযোগ তৈরি করা। কিন্তু যখন আমরা মব ভায়োলেন্স বা সহিংস ভিড়তন্ত্রে জড়িয়ে পড়ি, তখন গণতন্ত্রের আসল চর্চা বাধাগ্রস্ত হয়।’
বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার।
তিনি বলেন, ‘আমরা এখন একটা পরিবর্তনের পথে হাঁটছি। নির্বাচন নিয়ে আলোচনা চলছে, শিডিউল এখনও হয়নি, কিন্তু নির্বাচনই শেষ কথা নয়। নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে, সেটাই আসল অর্জন।’
গণতন্ত্রের মূল বার্তা তুলে ধরে তিনি বলেন, ‘তোমার মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমি আমার জীবন দিয়েও তা ধরে রাখব— এটাই হলো প্রকৃত গণতন্ত্র।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি টেকসই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে গণতন্ত্রকে বাস্তবভাবে প্রতিপালন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, কার্যকর সংসদ, স্বচ্ছ মিডিয়া ও সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।’
রাজনীতিতে বিভাজন ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘কিছু মহল সচেতনভাবে দেশের ভিন্নমতের মানুষের মধ্যকার বিভক্তি বাড়াতে চাইছে, যাতে প্রকৃত গণতন্ত্রের পথে এগোনো বন্ধ হয়। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে।’
তিনি বিএনপির ভূমিকা উল্লেখ করে বলেন, ‘বিএনপি বিপ্লবী নয়, এটি একটি লিবারাল ডেমোক্রেটিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং শান্তিপূর্ণ পদ্ধতিতেই গণতন্ত্রের জন্য লড়াই করে আসছি।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সভাপতিত্ব করেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল হক, ফরিদুজ্জামান ফরহাদসহ অনেকে বক্তব্য রাখেন।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.