চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ডের আশাবাদ
এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব, তবে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে চলছে সর্বোচ্চ চিকিৎসা


এবিএনএ: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় চিকিৎসার প্রতি স্পষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাতের এক ব্রিফিংয়ে এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার চিকিৎসা বোর্ড বিদেশে নেওয়ার সুপারিশ করলেও এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা এবং খালেদা জিয়ার শারীরিক প্রস্তুতি যথাযথ না থাকায় তখন স্থানান্তর সম্ভব হয়নি। তবে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছেন।
ডা. জাহিদ হোসেন জানান, নেত্রীর জন্য প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের আইসিইউ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং সংকটাপন্ন রোগীর চিকিৎসায় যা প্রয়োজন, সব ধরনের ব্যবস্থা এখন চলমান। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অযাচিত তথ্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
তিনি আরও জানান, চিকিৎসা বোর্ড আশাবাদী—কারণ খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং ডাক্তারদের দেওয়া সাড়া তিনি প্রত্যাশিতভাবেই দিচ্ছেন।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা গুরুতর অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।




