সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জবিসাসের জোরালো অবস্থান, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন জবিসাস


এবিএনএ: গাজীপুরে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জবিসাস নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের মেরুদণ্ড। একজন সংবাদকর্মীকে নির্মমভাবে হত্যা করা মানে শুধু একটি প্রাণের অবসান নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারকে ভয় দেখানো।
দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাকেরুল ইসলাম বলেন, “তুহিনকে হত্যা করা শুধু একজন সাংবাদিককে স্তব্ধ করার চেষ্টা নয়, এটি গোটা সমাজ ও গণতন্ত্রের ওপর আঘাত। আমরা দ্রুত বিচার চাই।”
সহসভাপতি ও দ্য ডেইলি সানের প্রতিবেদক আসাদুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর বারবার হামলা প্রমাণ করে যে রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এসব অপরাধ বিচার না পেলে গণমাধ্যম চুপ হয়ে যাবে।”
সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক ইমরান হুসাইন বলেন, “আমরা কলম চালাই অন্যায়ের বিরুদ্ধে। অথচ আজ সেই কলমকেই থামিয়ে দিতে চায় দুর্বৃত্তরা। এভাবে চলতে থাকলে মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকিতে পড়বে।”
মানববন্ধনটি সঞ্চালনা করেন জবিসাসের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মো. জুনায়েত শেখ। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নুর আলম (নয়া দিগন্ত), কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন (আমার সংবাদ), আব্দুর রাকিব (দ্য নিউ নেশন), রাকিবুল ইসলাম (আমাদের সময়), রাকিব মাদবর (ডেইলি স্টার) প্রমুখ।
তাঁরা সবাই তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা চুপ থাকলে দুর্নীতি, দমন-পীড়ন, স্বৈরতন্ত্র আরও বেড়ে যাবে।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়বে, যা রাষ্ট্রীয় গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।




